Ads Here

Sunday, July 19, 2020

চট্টগ্রামে সংগীত ভবনে হামলা-ভাঙচুর


চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সংগীত ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অর্ধশতাধিক দুর্বৃত্তের একটি দল লাঠিসোটা, হাতুড়ি ও শাবল নিয়ে এ হামলা চালায় বলে দাবি করে সংগীত ভবন কর্তৃপক্ষ।

সংগীত ভবন কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা ভবনের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। এ সময় যাতে কেউ বাইরে থেকে সাহায্যের জন্য না আসতে পারে, সেজন্য ভবনের মূল ফটকে তালা লাগিয়ে হারমোনিয়াম ও তানপুরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তাসহ সংগীত ভবনের কয়েকজনকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। ভাঙচুর শেষে ফিরে যাওয়ার সময় ভবনের কয়েকটি হারমোনিয়াম ও ঘরের খুলে রাখা দরজা-জানালাসহ বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘নগরীর প্রবর্তক পাহাড়ে সংগীত ভবন সংস্কার নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। আজ শুক্রবার সকালে স্থানীয় কিছু ছেলে এসে ওই ভবনে ভাঙচুর করে, যা খুবই দুঃখজনক। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা বলেন, ‘প্রবর্তক সংঘের মালিকানাধীন পাহাড়ে সংগীত ভবন অবস্থিত। আমরা নিয়মিত তাদের ভাড়া পরিশোধ করে আসছিলাম। কিন্তু ২০১৬ সাল থেকে তারা ভাড়া নিতে অস্বীকার করলে আমরা আদালতের মাধ্যমে ভাড়া পরিশোধ করে আসছি। গত সপ্তাহে আমরা ভবনের জরাজীর্ণ দরজা-জানালা মেরামতের কাজ শুরু করলে প্রবর্তক সংঘের লোকজন এসে বাধা দেয়। এরপর আজ পুনরায় কাজ শুরু করলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে উভয়পক্ষকে সমঝোতার জন্য থানায় যেতে বলে। এরপর পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আকস্মিকভাবে অর্ধশতাধিক লোকজন এসে হামলা ও ভাঙচুর শুরু করে।’
সংগীত ভবনের সেক্রেটারি এ টি এম নূরনবী বলেন, ‘প্রবর্তক সংঘের নেতারা এরই মধ্যে এই পাহাড়ের বিভিন্ন অংশ বিক্রয় বা লিজ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এখন তাদের চোখ পড়েছে সংগীত ভবনের জায়গার দিকে। তারা চায় না, এখানে সংগীত ভবন থাকুক। সংগীত ভবনকে উচ্ছেদ করে তারা এই জমি বিক্রি করে ফেলবে।’
জানতে চাইলে প্রবর্তক সংঘ (বাংলাদেশ)—এর সম্পাদক তিনকড়ি চক্রবর্তী জানান, আমরা সংগীত ভবনের সঙ্গে ভাড়াটিয়া চুক্তি নবায়ন করতে চেয়েছিলাম। কিন্তু তারা প্রবর্তকের কাছ থেকে জমি লিজ নিতে চায়। লিজ নেওয়ার কথা বলে তারাই জোর করে আমাদের জায়গা দখল করে রেখেছে। আবার আদালতকে ম্যানেজ করে সেখানে (আদালতে) ভাড়াও দিয়ে যাচ্ছে।’
হামলার বিষয় অস্বীকার করে তিনকড়ি চক্রবর্তী বলেন, ‘সংগীত ভবনের চারপাশে আমাদের অনুমতি ছাড়া বেড়া দেওয়া হয়েছিল। প্রবর্তক স্কুলের ছেলে-মেয়েরা এবং আশেপাশের পাড়া প্রতিবেশীরা তাদের চলাফেরার সুবিধার্থে সেই বেড়া অপসারণ করেছে।’


No comments: